কুলাউড়ায় পুলিশের অভিযানে ৩ গরুচোর গ্রেপ্তার, চুরির কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার

 


চুরির কাজে ব্যবহৃত পিকআপ জব্দ, পৃথক অভিযানে আরও একজন আটক

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের পৃথক অভিযানে আন্তঃজেলা গরুচোর চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক উদ্ধার করা হয়। একই সময়ে পৃথক অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে পুলিশের অভিযানে মোট চারজন গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কুলাউড়া থানা পুলিশের একটি অভিযানিক দল ব্রাহ্মণবাজার ইউনিয়নের ফেঞ্চুগঞ্জ পয়েন্ট মোড়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি পিকআপ ট্রাক আটক করে। পরে ওই পিকআপে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিলেটের শাহপরান থানার দত্তগ্রামের মৃত শেখ সালিমের ছেলে আনোয়ার মিয়া (৫০), বড়লেখা উপজেলার পাতন গ্রামের চেরাগ আলীর ছেলে রাসেল আহমেদ (২৫) এবং একই উপজেলার সিংগের মহল গ্রামের গৌরাঙ্গ দেবের ছেলে অরুপ দেব (২৫)।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে গৃহস্থের বাড়ি থেকে গরু চুরি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগে বিভিন্ন থানায় গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এদিকে পৃথক অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. জুয়েল চৌধুরী (৩৫) নামে আরও একজনকে কুলাউড়া থানাধীন হাজীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গরু চুরি প্রতিরোধসহ চুরি, ছিনতাই, ডাকাতি, চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমে কুলাউড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url