জুড়ীতে বিজিবির বিশেষ অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় মোটরসাইকেল জব্দ

 


মৌলভীবাজারের জুড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে ৫২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন রাজকী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রাজকী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আল আমিন চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি টহল দল এবং এসআইপি সদস্য নায়েক মো. আনোয়ারের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে টহল দলটি রাজকী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৮৩১ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধুর ঘাট (রাজকী চা বাগান) এলাকায় তল্লাশি চালায়। এ সময় জিআর নং-১৬৫০০৪ ও ম্যাপশিট নং-৮৩ ডি/৩ এলাকায় পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় একটি অবৈধ ভারতীয় YAMAHA R15 (RN15) মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জব্দ করা মোটরসাইকেলটির আনুমানিক সিজার মূল্য ৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধারকৃত মোটরসাইকেলটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধভাবে পণ্য পাচার রোধে তাদের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url