একাদশ শ্রেণিতে ভর্তিতে শিক্ষার্থীদের পাশে তালামীয, থাকছে সার্বিক সহযোগিতা

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখা। একই সঙ্গে একাদশ শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক সকল শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সুবিধার্থে ফরম পূরণ, অনলাইন আবেদনসহ ভর্তি-সংক্রান্ত যাবতীয় কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে প্রয়োজনীয় কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা হবে। বিশেষ করে অনলাইন আবেদন ও ভর্তি-সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

এ কার্যক্রম শাহজালাল ইন্সটিটিউট, বড়লেখা-এর মাধ্যমে পরিচালিত হবে বলে জানানো হয়েছে। শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সহজ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর এবং শেষ হবে ১০ সেপ্টেম্বর। ফল প্রকাশ হবে ১৬ সেপ্টেম্বর। ভর্তি নিশ্চায়ন করা যাবে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। কলেজে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর এবং ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে সংগঠনের পক্ষ থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভর্তি-সংক্রান্ত কোনো ধরনের জটিলতা দেখা দিলে দায়িত্বশীলদের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই ধাপে তাদের পাশে থেকে ভর্তি কার্যক্রমকে আরও সহজ, সুন্দর ও সুশৃঙ্খল করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url