জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী।
বৈঠকে দেশের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পৃক্ততা, অবৈধ অভিবাসন রোধ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সেবা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মো. আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আতিকুর রহমান মোজাহিদ অংশ নেন।
কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও বিদেশ সফরে থাকায় তিনি উপস্থিত হতে পারেননি।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর কমিটির সভাপতি, সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যপরিধি, অধীনস্থ বিভিন্ন অনুবিভাগ ও উইং এবং প্রধান কার্যাবলি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়। পাশাপাশি গত ছয় মাসের কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন ও অগ্রগতি পর্যালোচনা এবং আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এ বিষয়ে কমিটির সদস্যদের মতামতও নেওয়া হয়।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় নিয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরসহ পররাষ্ট্রবিষয়ক বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের সফল সম্পৃক্ততাকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সরকারের প্রতি আস্থার বহিঃপ্রকাশ হিসেবে অভিমত প্রকাশ করেন কমিটির সদস্যরা।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হওয়ায় কমিটির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে ‘শিক্ষা কূটনীতি’ সেবা চালু এবং নারী শ্রমিকদের জন্য বিশেষ ইমার্জেন্সি হটলাইন চালুর প্রস্তাব করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে সম্মতি জানান।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
