জুড়ীতে আগামীকাল বিনামূল্যে চক্ষু শিবির,মিলবে ছানি অপারেশনসহ নানা সেবা
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নে প্রথমবারের মতো বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে শনিবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে সাগরনাল সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ চক্ষু শিবিরের কার্যক্রম শুরু হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, শিবিরে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করবেন। এছাড়া ছানি রোগীদের জন্য বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা, প্রয়োজন অনুযায়ী লেন্স সংযোজন, বিনামূল্যে চশমা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, “প্রত্যন্ত অঞ্চলের মানুষ অনেক সময় বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা থেকে বঞ্চিত হন। সেই বিষয়টি বিবেচনায় রেখে আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই চক্ষু শিবিরের আয়োজন করেছি। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
তিনি আরও বলেন, “যারা আর্থিক অসচ্ছলতার কারণে চোখের চিকিৎসা করাতে পারছেন না বা দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন, তারা যেন এই সুযোগ গ্রহণ করেন। পাশাপাশি আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদেরও এ বিষয়ে জানিয়ে চিকিৎসা নিতে উৎসাহিত করার আহ্বান জানাচ্ছি।”
আয়োজকরা জানান, সাগরনাল ইউনিয়নসহ আশপাশের এলাকার সব বয়সী চোখের সমস্যায় আক্রান্ত মানুষ এ শিবিরে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
