এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে আইনি ব্যবস্থা নিয়েছেন এমপি নাসের রহমান
মৌলভীবাজার-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য নাসের রহমানকে লক্ষ্য করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
শনিবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক জরুরি বার্তায় নাসের রহমান দাবি করেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং তাকে ও তার দলকে ছোট করার উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিপক্ষ তার মাথার ছবি অন্য একটি শরীরে সংযুক্ত করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে একটি ভুয়া ও বিকৃত ভিডিও তৈরি ও প্রচার করছে।
তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ডিজিটাল আলামত সংরক্ষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সরকারের একটি বিশেষায়িত সংস্থা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।
সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে নাসের রহমান বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ভুয়া বা বিভ্রান্তিকর AI-নির্মিত ভিডিও, ছবি কিংবা তথ্য শেয়ার বা প্রচার না করতে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কনটেন্ট প্রচার বা পুনঃপ্রচার করাও প্রচলিত তথ্যপ্রযুক্তি আইনে দণ্ডনীয় অপরাধ।
