৪০ বছরের নিষ্ঠা ও সততার স্বীকৃতি: বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে রেজাউল ইসলাম মিন্টুর বিদায় সংবর্ধনা
কিবরিয়া আল মাহমুদ::
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে হিসাবরক্ষক রেজাউল ইসলাম মিন্টুর শেষ কর্মদিবসে স্মৃতিচারণ
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাবরক্ষক মো. রেজাউল ইসলাম মিন্টুর শেষ কর্মদিবস উপলক্ষে স্মৃতিচারণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুর। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী কিবরিয়া আল মাহমুদ এবং গীতা পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী বৈশাখী রাণী দত্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমসি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কামরান আহমদ চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবির এবং সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম. আতিকুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক বিধান চন্দ্র দাস, শিক্ষক হৃশিকেশ দাস, এ কে এম শফিউল আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রতিনিধি রোভার রাফি আহমদ, কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট আবু সাঈদ নিশান, আনজুমানে তালামিযে ইসলামিয়া কলেজ শাখার সভাপতি রায়হান আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি সাব্বির আহমদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার প্রতিনিধি ফয়সাল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হিসাবরক্ষকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মো. রেজাউল ইসলাম মিন্টু কলেজের জন্য যে অনন্য অবদান রেখেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ এখনও আমার নিজের কলেজের মতোই মনে হয়। একটি এমসি কলেজ, আরেকটি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ। বড়লেখার প্রত্যন্ত অঞ্চল ঘুরে এর প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি। কলেজের উন্নয়ন এবং বড়লেখার সার্বিক অগ্রগতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে ভবিষ্যতেও ভূমিকা রাখার চেষ্টা অব্যাহত থাকবে।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুর বলেন, “মো. রেজাউল ইসলাম মিন্টু কলেজের উন্নয়নে দীর্ঘ কর্মজীবনে অসামান্য অবদান রেখেছেন। তাঁর অবসর জীবন সুখ, শান্তি, সুস্থতা ও নেক হায়াতে পরিপূর্ণ হোক-এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “দীর্ঘ প্রায় ৪০ বছরের কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনেও তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অগ্রযাত্রায় পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।”
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী হিসাবরক্ষক মো. রেজাউল ইসলাম মিন্টুকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
