বিয়ানীবাজারে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১৩ বছর বয়সী কিশোরের মৃত্যু

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিম আহমদ (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার গোবিন্দশ্রী উত্তর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম আহমদ একই এলাকার সার উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশের একটি গাছে উঠে ডাল কাটছিল ফাহিম। এ সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ফাহিমের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, স্বজন এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী এমন দুর্ঘটনা এড়াতে বিদ্যুতের তারের আশপাশে গাছে ওঠা ও ডাল কাটার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url