কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব

 


কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিঙ্গুর গ্রামে স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার সড়ক মেরামত করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ‘নতুন কুঁড়ি ক্লাব’-এর উদ্যোগে শুক্রবার (১৯ জুন) দিনব্যাপী এ কাজ সম্পন্ন হয়।


সংগঠনের সদস্য ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ইট ও বালু দিয়ে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়। এ কাজে আর্থিক সহযোগিতা করেন প্রবাসী জুনেল আহমদ, মনসুর আহমদ, জাকির হোসেন এবং সাংবাদিক বশির আল ফেরদাউসসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি।

বরমচাল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব ও পশ্চিম সিঙ্গুর গ্রামের প্রায় দুই শতাধিক মানুষ প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন। কৃষকরাও হাকালুকি হাওরে যাতায়াতের জন্য এই পথের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্ষায় রাস্তাটি কর্দমাক্ত এবং শুষ্ক মৌসুমে ধুলাবালিতে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

এলাকাবাসী জানান, কয়েক বছর আগে স্থানীয় ইউপি সদস্য ময়নুল হক সোনা মিয়ার উদ্যোগে সড়কটিতে ইট সলিং করা হলেও সময়ের সাথে সাথে যানবাহন চলাচল ও বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়ে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এ অবস্থায় সরকারি বরাদ্দের অপেক্ষা না করে ‘নতুন কুঁড়ি ক্লাব’ স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু করে। স্থানীয়দের আশা, এই উদ্যোগের ফলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

নিউজটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url