বড়লেখার সিএনজি কুলাউড়া থেকে চুরি, সন্ধান মিলল ছাতকে

 



মৌলভীবাজারের বড়লেখার একটি সিএনজি অটোরিকশা কুলাউড়া থেকে চুরি হওয়ার দুই দিন পর সুনামগঞ্জের ছাতক থেকে উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত ১২ জুন রাতে বড়লেখা উপজেলার কাঠালতলী সিএনজি স্ট্যান্ডের ১২-১৭৮৬ নম্বরের সিএনজি নিয়ে চালক নাঈম কুলাউড়া উপজেলার এক আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে তিনি গাড়িতে গ্যাস নেওয়ার জন্য কুলাউড়ার উছলাপাড়া সিএনজি ফিলিং স্টেশনে যান।

গ্যাস নেওয়ার পর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে কুলাউড়া জংশন স্টেশন রোড এলাকায় গাড়িটি রেখে পাশের একটি হোটেলে চা খেতে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে যেখানে গাড়িটি রাখা হয়েছিল সেখানে সেটি আর দেখতে পাননি।

স্থানটি সিসিটিভির আওতার বাইরে থাকায় কোনো ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি। এরপর কুলাউড়া পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি চালিয়েও গাড়িটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় চালক নাঈম বিষয়টি পরিবারের সদস্যদের অবগত করেন এবং বিভিন্ন মাধ্যমে গাড়িটি উদ্ধারের চেষ্টা চালানো হয়।

একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সুনামগঞ্জের ছাতক এলাকায় একটি সিএনজি অটোরিকশা অক্ষত অবস্থায় পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ে। স্থানীয়রা গাড়িটি শনাক্ত করে এবং "বিডি ছাতক নিউজ" নামের একটি ফেসবুক পেজ থেকে সেটির সরাসরি সম্প্রচার করা হয়।

ওই সূত্র ধরে ১৪ জুন সুনামগঞ্জ জেলার ছাতকে গাড়িটির সন্ধান পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালতলী সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক রুহেল আহমদ।

তিনি জানান, “আমরা ইতোমধ্যে ছাতকে অবস্থান করছি এবং গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। খুব শিগগিরই গাড়িটি নিয়ে বড়লেখায় ফিরব।”

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url