বড়লেখা সীমান্তে ভারতীয় নাগরিকসহ ২ জন আটক, ৩টি মামলা দায়ের
বড়লেখা সীমান্তে পৃথক অভিযানে এক ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর আওতাধীন টিলা বিওপির একটি টহল দল ১৭ জুন ২০২৬, বুধবার আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে বড়লেখার ডিমাই সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন ভারতের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেউটি গ্রামের বাসিন্দা আলী হোসেন (৩০), যিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক হন। একই সময়ে ৯ পিচ ইয়াবা ও ২০০০ ভারতীয় রুপিসহ বড়লেখার ডিমাই গ্রামের বাসিন্দা ফখরুল উদ্দিন (৪০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও আটক দুই আসামিকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে ‘The Control of Entry Act, 1952’-এর ৪ ধারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারা এবং ‘The Special Powers Act, 1974’-এর ২৫-বি(১)(বি) ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে আটককৃতদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
