জুড়ীতে সচেতন যুবকদের উদ্যোগে ইয়াবাসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর
জুড়ী উপজেলার মনতৈল এলাকায় সচেতন যুবকদের উদ্যোগে ইয়াবাসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তি মনতৈল গ্রামের লাল মিয়ার ছেলে আবুল কালাম বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে যুবকরা সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে আজ ১১ জুন দুপুরে উপজেলার মনতৈল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হলে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহলের মতে, সমাজের যুবসমাজ এভাবে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে মাদকমুক্ত সমাজ গঠন অনেকটাই সহজ হবে।
মনতৈল গ্রামের আনসার-ভিডিপি সদস্য সাইফুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আমাদের গ্রামের যুবসমাজ সব সময় সোচ্চার রয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে।”