কুলাউড়ায় গভীর রাতে তালা ভেঙে এক বাড়ি থেকে ৪টি গরু চুরি! শখের গাভি-বাছুর হারিয়ে দিশেহারা দুই ভাই

 


কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বারইগ্রাম এলাকায় গভীর রাতে তালা ভেঙে একই বাড়ি থেকে ৪টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী জহুর আলীর পরিবার জানায়, গত ১০ জুন বুধবার গভীর রাতে চোরেরা তার গোয়ালঘরের তালা কেটে ভেতরে ঢুকে। সেখান থেকে নিজ হাতে লালন-পালন করা ৩টি গরু চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরুর মধ্যে রয়েছে শাহিওয়াল জাতের একটি বাছুরসহ লাল রঙের গাভি এবং একটি হালকা লাল রঙের গাভিন গাভি।

একই রাতে পাশের ঘরে থাকা জহুর আলীর ভাই ইসলাম আলীর গোয়ালঘর থেকেও একটি কালো রঙের ষাঁড় চুরি হয়। সব মিলিয়ে এক রাতে একই বাড়ি থেকে মোট ৪টি গরু চুরির ঘটনা ঘটে।

জহুর আলীর ছেলে রেদওয়ানুর রহমান বলেন, "ভোর রাতে উঠে দেখি গোয়ালঘরের তালা কাটা। গরুগুলো না পেয়ে বুঝতে পারি চোরের দল রাতের আঁধারেই সব নিয়ে গেছে।"

ঘটনার পর কুলাউড়া থানা পুলিশকে অবহিত করা হয়। কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে এলাকায় একের পর এক চুরির ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন। তারা দ্রুত চোর চক্রকে শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url