বিয়ানীবাজারে মসজিদ কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২৫
সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের চান্দলা গ্রামে মসজিদের ফান্ড ও নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুন) জুম্মার নামাজের পর সংঘটিত এ ঘটনায় নারী ও বয়োজ্যেষ্ঠসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চান্দলা জামে মসজিদের ফান্ড ব্যবস্থাপনা ও নতুন কমিটি গঠন নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার জুম্মার নামাজ শেষে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষ দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে গুরুতর আহত হন প্রথম পক্ষের বাবুল হোসেন (৫৫) ও রফিক উদ্দিন (৫৩) এবং দ্বিতীয় পক্ষের আজমল আলী (৯৮)। তাদেরসহ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রথম পক্ষের আহতদের মধ্যে রয়েছেন আব্দুল মানিক (৮৫), নিজাম উদ্দিন (৪০), সেলিম উদ্দিন (৪৯), জয়ন উদ্দিন (৩৫), সুহেল আহমদ (১৫), আনোয়ার হোসেন দুলাল (২৫), মজির উদ্দিন (৬৮), আকবর আলী (৬০) ও শামীমা আক্তার (৩০)সহ আরও কয়েকজন।
অন্যদিকে দ্বিতীয় পক্ষের আহতদের মধ্যে রয়েছেন নুরুজ্জামান (৫০), বশির উদ্দিন (৭০), আব্দুল মানিক (৬০), স্বপন আহম্মদ (৪০), সামী আহমেদ (২২), ফখরুজ্জামান (৪৭), আব্দুল আহাদ (৪৩), আব্দুস সমিক (৩৮), ইসলাম উদ্দিন (৪২), নুর উদ্দিন (৩৫), মিজবাহ উদ্দিন (২৫) ও রাজিয়া বেগম (৩৫)সহ আরও কয়েকজন।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, “মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত করে। উভয় পক্ষকে আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।”
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সূত্রঃ বিয়ানীবাজার টাইমস
