কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমান
কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান (৩২) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) বিকেলে শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মনু নদীসংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান ওই এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, বিকেলে মুজিবুর রহমান মনু নদীতে মাছ ধরতে যান। এ সময় তিনি ভুলবশত ভারতীয় সীমান্তের ভেতরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, “সীমান্তে গুলির ঘটনার খবর আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।”
