ফ্রি-ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে বড়লেখায় যুবকের গলা কেটে হত্যাচেষ্টা, আহত ২
মৌলভীবাজারের বড়লেখায় মোবাইল গেম ‘ফ্রি-ফায়ার’ খেলা নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি চালিত অটোরিকশা চালককে গলা কেটে হত্যার চেষ্টা এবং অপর এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। শনিবার (২৩ মে) রাত আনুমানিক ৮টার দিকে বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সিএনজি চালক জায়েদ আহমদ (১৯) ও তার বন্ধুদের সঙ্গে একই এলাকার সুয়েদ আহমদ (১৯) ও রিয়াদ আহমদ (২০)-এর মোবাইল গেম খেলা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধারালো চাকু দিয়ে জায়েদ আহমদের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। হামলার সময় তার বন্ধু হাকিমুল ইসলামও গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জায়েদ আহমদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে আহত হাকিমুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর আহত জায়েদ আহমদের পিতা তরিকুল ইসলাম পাখি বড়লেখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।