বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরমে, ব্যাহত স্বাস্থ্যসেবা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান চিকিৎসক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন শরিফুল হক সাজু। পোস্টে হাসপাতালের বর্তমান পরিস্থিতির চিত্র তুলে তিনি লিখেন, ৫০ শয্যার এ হাসপাতালে অনুমোদিত চিকিৎসকের পদ রয়েছে ৩৫টি। তবে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৪ জন চিকিৎসক। ফলে শূন্য রয়েছে ২১টি গুরুত্বপূর্ণ পদ।
পোস্টে উল্লেখ করা হয়, হাসপাতালে বর্তমানে মেডিসিন বিশেষজ্ঞ, রেসিডেন্ট মেডিকেল অফিসার (RMO), ইমার্জেন্সি মেডিকেল অফিসার (EMO) ও ডেন্টাল সার্জনের মতো গুরুত্বপূর্ণ পদ খালি রয়েছে। এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে জনবল সংকট রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
চিকিৎসক সংকটের কারণে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। জরুরি সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক রোগীকে অন্যত্র রেফার করতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন রোগীরা ভোগান্তিতে পড়ছেন, অন্যদিকে কর্মরত চিকিৎসকদের উপরও বাড়ছে অতিরিক্ত চাপ।
স্থানীয়দের দাবি, কাগজে-কলমে ৫০ শয্যার হাসপাতাল হলেও প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত শূন্য পদগুলো পূরণ করে হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
