মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান
মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান। এপ্রিল ২০২৬ মাসের সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (৪ মে) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মিলনায়তন-এ অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ বেল্লাল হোসাইন তার হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।
জানা গেছে, এপ্রিল মাসে পরোয়ানা তামিল (অ্যারেস্ট ওয়ারেন্ট) কার্যকর করা, মামলার দ্রুত নিষ্পত্তি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ বড়লেখা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় পুলিশের নির্ধারিত ইউনিফর্ম ক্রাইটেরিয়া অনুযায়ী তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, “যেকোনো পুরস্কারই কাজে বাড়তি অনুপ্রেরণা যোগায়। এই অর্জন বড়লেখা থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। উপজেলার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়তে আমাদের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
