চাকরি নিয়ে অনিশ্চয়তায় সিসিকের শতাধিক স্বাস্থ্যকর্মী, আশ্বস্ত করলেন প্রশাসক
![]() |
| ছবি: সংগৃহীত |
সিলেট সিটি করপোরেশন পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হওয়ায় চাকরি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পে কর্মরত শতাধিক স্বাস্থ্যকর্মী। কয়েক মাস ধরে তাদের বেতন-ভাতাও বন্ধ রয়েছে।
মঙ্গলবার প্রকল্পের ১১৩ জন কর্মীর পক্ষ থেকে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে নগরীর দরিদ্র জনগোষ্ঠীর জন্য পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখা এবং কর্মীদের চাকরি নিশ্চিত করার দাবি জানানো হয়।
স্বাস্থ্যকর্মীরা জানান, ২০০৭ সাল থেকে নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে লাখো মানুষ সেবা নিয়েছেন। যার একটি বড় অংশ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন। মাতৃসেবা, ডেলিভারি সেবাসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমও চলছে। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়া এবং হস্তান্তর প্রস্তাবের কারণে সেবা ও কর্মীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বেতন বকেয়া থাকলেও মানবিক দায়বদ্ধতা থেকে তারা সেবা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যকেন্দ্রগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এসব কেন্দ্র বন্ধ হবে না। সেবা কার্যক্রম অব্যাহত থাকবে এবং কারো চাকরিও যাবে না।
তিনি আরও বলেন, “সরকার এবং সিটি কর্পোরেশন সবসময় জনসেবামূলক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি সহানুভূতিশীল। তাই স্বাস্থ্যকর্মীদের চাকরি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।” একই সঙ্গে তিনি কর্মীদের নিষ্ঠার সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত রাখার অনুরোধ জানান।
