বিয়ানীবাজারে আম খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ,বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত
স্টাফ রিপোর্টার: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় আম খাওয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বিরোধের জেরে এক কিশোর নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের থানাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম সিজান আহমদ (১০)। সে কয়েছ আহমদের ছেলে। অভিযুক্ত তামিম আহমদ (১৪) স্থানীয় আব্দুস শুকুরের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুই কিশোরই একই এলাকার বাসিন্দা এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তামিম ধারালো অস্ত্র দিয়ে সিয়ামকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান জানান, আঘাতটি হৃদযন্ত্রের খুব কাছাকাছি স্থানে লেগেছিল এবং সেটি ছিল অত্যন্ত গুরুতর।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
