কুলাউড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টা, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে গৃহবধূ

 


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) সন্ধ্যার দিকে মনসুর গ্রামের বাসিন্দা চঞ্চল মোল্লার বাড়িতে এক বা একাধিক অজ্ঞাত দুষ্কৃতকারী প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা চঞ্চল মোল্লার স্ত্রীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

আহতের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ রক্তাক্ত স্থানসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং স্থানীয়দের কাছ থেকে ঘটনার প্রাথমিক তথ্য নেয়।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত ও অভিযান চলছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url