সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল বড়লেখার পরীকুন্ডে কীভাবে যাবেন,

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মনোরম পরীকুন্ড ঝর্ণা ব্যাপক আলোচনায় এসেছে। বিশেষ করে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নিদর্শনটি দেখতে।

অনেক পর্যটকই জানিয়েছেন, ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন ভ্রমণবিষয়ক ব্লগে পরীকুন্ড ঝর্ণার ভিডিও দেখে তারা মুগ্ধ হয়েছেন এবং একবার অন্তত এই ঝর্ণাটি স্বচক্ষে দেখার ইচ্ছা পোষণ করেছেন। তবে বেশিরভাগ ভিডিও ও কনটেন্টে সঠিক লোকেশন উল্লেখ না থাকায় অনেকেই ঝরনাটির অবস্থান খুঁজে পেতে সমস্যায় পড়ছেন।

দেশের যেকোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। এরপর উপজেলার কাঠালতলী বাজারে পৌঁছাতে হবে। সেখান থেকে যেতে হবে দেশের অন্যতম বৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায়।

মাধবকুণ্ড জলপ্রপাতের প্রবেশ গেট দিয়ে ভেতরে প্রবেশ করে মূল জলপ্রপাতের একেবারে কাছাকাছি চলে আসুন। এরপর ডান পাশে নিচের দিকে লক্ষ্য করলে একটি ছোট সিঁড়ি দেখতে পাবেন। সেই সিঁড়ি বেয়ে নিচে নামার পর ডান পাশে একটি সরু পথ ভেতরের দিকে প্রবেশ করেছে। এই পথের পাশ দিয়েই পরীকুন্ড ঝর্ণার পানি এসে মাধবছড়ার সঙ্গে মিলিত হয়েছে।

উল্লেখ্য, ঝরনাটিতে যাওয়ার জন্য এখনো কোনো সরকারি বা আনুষ্ঠানিক রাস্তা নির্মাণ করা হয়নি। তবে দীর্ঘদিন ধরে পর্যটকদের যাতায়াতের কারণে একটি চলাচলযোগ্য পথ তৈরি হয়েছে। ঝরনার পানির প্রবাহ অনুসরণ করে কিছু দূর সামনে এগোলেই চোখের সামনে ভেসে উঠবে প্রকৃতির অপরূপ সৃষ্টি, বহুল আলোচিত পরীকুন্ড ঝরনা।

প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের জন্য পরীকুন্ড ঝরনা হতে পারে এক অনন্য গন্তব্য। তবে ভ্রমণের সময় পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ রইল।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url