মসজিদের নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রান গেলো কুলাউড়ার আলমগীরের

 


সিলেটে একটি মসজিদের নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার যুবক মোঃ আলমগীর মিয়া  মৃত্যুবরণ করেছেন। তিনি কুলাউড়া উপজেলার লংলা এলাকার বাসিন্দা ও মোঃ আনোয়ারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মসজিদের তৃতীয় তলায় নির্মাণকাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিটের ঘটনায় আলমগীর গুরুতর আহত হন। বিদ্যুতের আঘাতে তিনি নিচে পড়ে গেলে তার হাত, পা ও কোমরে মারাত্মক আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ মে বিকেল ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, আলমগীর মিয়া ১০নং হাজীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভূইগাঁও গ্রামে তার নানাবাড়িতে বেড়ে উঠেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজের সময় পরে ঘোষণা করা হবে।

আলমগীর মিয়ার মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url