কুলাউড়ার মনছড়ার শিশু জারানসহ শ্রীমঙ্গলে পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
শ্রীমঙ্গলে পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকাহত দুই পরিবার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ও বিকেলে উপজেলার দুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কুলাউড়া উপজেলার মনছড়া গ্রামের প্রবাসী ইদ্রিস আলীর মেয়ে জামিনা ফেরদৌস জারান (২ বছর ৪ মাস) এবং শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও (জানাউড়া) গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে রাফি (৭ বছর)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শ্রীমঙ্গল পৌর শহরের সোনামিয়া এলাকায় একটি বাসার বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয় জারান। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে আশপাশে অনুসন্ধান শুরু করেন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়। প্রায় আধাঘণ্টা পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও (জানাউড়া) গ্রামে বাড়ির পুকুরে ডুবে যায় রাফি। পরে পুকুরে তার মরদেহ ভেসে উঠলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহীদ জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকেই হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছে।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনায় সন্দেহজনক কিছু না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
