বড়লেখার শাহবাজপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয়ে ১০ হাজার টাকা জরিমানা
বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জ্বালানি তেল অতিরিক্ত মূল্যে বিক্রয়ের দায়ে দুইটি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাঈমা নাদিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এ জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, কিছু পাম্পে পেট্রোল ও অকটেনের সংকট থাকলেও ডিজেল পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। এ সময় পাম্প মালিকদের অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি না করা, নির্ধারিত সময় পাম্প খোলা রাখা এবং ডিপোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তেল সংগ্রহ করার নির্দেশনা দেওয়া হয়।
পাশাপাশি সাধারণ জনগণকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল মজুদ না করার জন্যও আহ্বান জানানো হয়।
