লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট বাধ্যতামূলক, মোটরসাইকেলে তেল বিক্রিতে নতুন শর্ত
মৌলভীবাজারের বড়লেখা এবং কুলাউড়া থানা এলাকায় মোটরসাইকেলে তেল সরবরাহ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য কিছু বাধ্যতামূলক শর্ত নির্ধারণ করা হয়েছে, যা পরিপালনের জন্য স্থানীয় ফিলিং স্টেশনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোটরসাইকেলে তেল নেওয়ার ক্ষেত্রে চালকের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটরসাইকেলটি নিবন্ধিত হতে হবে। পাশাপাশি মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের মাথায় ভাইজারযুক্ত হেলমেট পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উপরোক্ত শর্তসমূহ পরিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোকে তেল সরবরাহ না করার জন্য অনুরোধ করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই নির্দেশনায় আইন অমান্যকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
তবে গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাম স্পষ্টভাবে উল্লেখ না থাকায় এর উৎস নিয়ে সাধারণ মানুষের মাঝে কিছুটা প্রশ্ন দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট মহল মনে করছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ ইতিবাচক হলেও তা কার্যকর করতে হলে সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পদক্ষেপ গ্রহণ জরুরি।