কুলাউড়ায় এক রাতে ১ হাজারের বেশি পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা, নিঃস্ব চাষি অনন্ত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের হামলায় এক চাষির সহস্রাধিক পানগাছ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে এ নাশকতার ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত চাষি অনন্ত জানান, রাতের আঁধারে কে বা কারা তার প্রায় ১ হাজার পানগাছ কেটে দেয়। সকালে বাগানে গিয়ে তিনি দেখতে পান, অধিকাংশ গাছ মাঝখান থেকে কেটে ফেলা হয়েছে। তিনি বলেন, “পান চাষই ছিল আমার একমাত্র জীবিকা। আমাদের কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। কিন্তু হঠাৎ এমন ঘটনা কে ঘটিয়েছে বুঝতে পারছি না।” এতে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সিলভেস্টার পাঠাং বলেন, “শনিবার রাতে দুর্বৃত্তরা অনন্তের প্রায় ১ হাজার পানগাছ কেটে দিয়েছে। এতে তিনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন।”
এ বিষয়ে -র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, “বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
