জুড়ীতে এমপি মিঠুর বাসায় হামলার অভিযোগে আমিনুল ইসলামসহ ১১৮ জনের বিরুদ্ধে মামলা

 

জুড়ীতে এমপি মিঠুর বাসায় হামলার অভিযোগে আমিনুল ইসলামসহ ১১৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর বাসায় নির্বাচনের পূর্বে হামলার অভিযোগে জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান চুনু বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম। এছাড়াও তাঁর ভাই আতিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জুড়ী উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, সেক্রেটারি মো. আজিম উদ্দিন, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমদ, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন, এনসিপির মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক ও জুলাই যোদ্ধা আফজাল হোসাইন, যুবশক্তির জেলা যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেল এবং ছাত্র শিবিরের জেলা কলেজ সম্পাদক মো. তারেক মিয়াকে আসামি করা হয়েছে।

মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৬০/৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। জুড়ী ও বড়লেখা উপজেলার জামায়াত, শিবির ও এনসিপির বিভিন্ন নেতা-কর্মীর পাশাপাশি দৈনিক সংবাদ সারাবেলার জুড়ী প্রতিনিধি সাংবাদিক খোরশেদ আলমকেও আসামির তালিকায় রাখা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে নাম উল্লেখিত ও অজ্ঞাত আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ বাদী ও তাঁর দলের নেতা-কর্মীদের মারধরের উদ্দেশ্যে জুড়ী শহরের কলেজ রোডস্থ এমপি মিঠুর বাসা ও প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে জড়ো হয়ে হামলা চালায়। এতে এমপি মিঠু, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, মামলার বাদী মতিউর রহমান চুনু, নাজমুল ইসলাম, আজমল হোসেন পলাশ ও সানসুদ্দোহাসহ কয়েকজন আহত হন। এ সময় প্রার্থীর ব্যক্তিগত গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

পরবর্তীতে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজিবির টহল দলসহ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা সেখান থেকে সরে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url