সিলেটে রেভিটা বাংলাদেশ-এর ধর্ষণ বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

 

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আজ শুক্রবার বিকাল ৪টায় রেভিটা বাংলাদেশ সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশের সাম্প্রতিক সময়ের ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন রেভিটা বাংলাদেশ সিলেট বিভাগের আহ্বায়ক ইমরান আহমেদ, বিভাগীয় সদস্য সচিব এস.এম. বুশরা, জেলা সদস্য সচিব রিফাত আহমেদ সাব্বির, মুখ্য সংগঠক আফরিন সোমাইয়া, জেলার সসদস্য আরাফাত রশীদ, এবং আরও অনেক দায়িত্বশীল সদস্য ও স্বেচ্ছাসেবকগণ।

সমাবেশে বক্তারা বলেন, “বর্তমানে দেশে নারী ও শিশু ধর্ষণ, যৌন হয়রানি এবং সহিংসতার মাত্রা ভয়াবহভাবে বেড়ে গেছে। পথেঘাটে, বাসে, শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি হাসপাতালের মর্গে থাকা মৃত নারীরাও আজ নিরাপদ নয়। এটি শুধু মানবিক বিপর্যয় নয়, এটি রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিচ্ছবি।”তারা আরো বলেন, “আমরা বারবার দেখেছি, অপরাধীরা প্রভাবশালী হলে আইনের ফাঁক দিয়ে তারা বেরিয়ে যায়। এ সংস্কৃতি বন্ধ করতে হবে। আমাদের দাবি—যে সকল জানোয়ার এই ঘৃণ্য অপরাধে লিপ্ত, তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি দিতে হবে। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।”

সমাবেশ থেকে আরও বলা হয়, রেভিটা বাংলাদেশ সবসময় দেশের অসহায়, নির্যাতিত মানুষের পাশে আছে এবং থাকবে। এই সংগঠন শুধু প্রতিবাদে নয়, সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মৌন মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে ব্যানার, প্ল্যাকার্ড ও প্রতিবাদী স্লোগান ছিল চোখে পড়ার মতো।

এ সময় বক্তারা সিলেটের সকল নাগরিক, তরুণ সমাজ ও ছাত্রদের এ ধরনের মানবিক ও নৈতিক আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url