কুলাউড়ায় মোকামের তালা পরিবর্তনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে অপপ্রচার — থানায় অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের প্রতিবাদ

 

ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর এলাকায় হযরত শাহ মিছকিন (রহ.) মোকামের দানবক্সের তালা পরিবর্তনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোকামের খাদিম কয়ছর মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর রাত আনুমানিক ১২টার দিকে দানবক্সের পুরাতন তালা নষ্ট হয়ে যাওয়ায় মোকামে দায়িত্বরতদের অনুমতিক্রমে নতুন তালা লাগানো হয়। পরে ২০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে “Ahmed Jafor” নামের একটি ফেক ফেসবুক আইডি থেকে সেই ভিডিওটি আপলোড করা হয় এবং ক্যাপশনে “দানবক্সের তালা ভেঙে টাকা চুরি করছে” মর্মে মিথ্যা তথ্য প্রচার করা হয়।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত সাইফুর রহমান, জাহেল আহমদ, কাইয়ুম আহমদ, রজাক আলী, তোতা মিয়া ও অজ্ঞাতনামা আরও একজন পরিকল্পিতভাবে মোকামের বিপরীত পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ওই ভিডিওটি ছড়িয়ে দেন। পরবর্তীতে ভিডিওটি শেয়ার করে তারা মোকামের দায়িত্বরত ব্যক্তিদের সামাজিক মান-সম্মান ক্ষুণ্ণ করেন এবং এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করেন।

এদিকে আজ (২১ অক্টোবর) বিকেলে কয়ছর মিয়ার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী মোকামের খাদিম কয়ছর মিয়া ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা বিষয়টির তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। ভিডিওটি সম্পূর্ণ বিকৃত উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।”

তারা প্রশাসনের কাছে অভিযোগের তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ করা হয়েছে, বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url