সিলেটের সাথে বৈষম্যের প্রতিবাদে ৩৪ ঘণ্টার অনশন যুবকের
নিজস্ব প্রতিবেদক::
সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্ন, ট্রেনের ডাবল লাইন নির্মাণ ও সংখ্যা বৃদ্ধি এবং সিলেটের উন্নয়নের জন্য ৭ দফা দাবিতে অনশন শুরু করেছেন আব্দুল্লাহ আল মামুন সুজন।
বৃহস্পতিবার বিকেলে নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শুরু হওয়া এই অনশন ইতোমধ্যেই সিলেটবাসীর মধ্যে সচেতনতা ও একাত্মতার প্রতীক হয়ে উঠেছে। যুবকের সঙ্গে ছিলেন ছাত্র-জনতা এবং মৌলভীবাজার জেলার গণঅধিকার পরিষদের একাধিক প্রতিনিধি। এছাড়া বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহবুবুল আলম (তোফায়েল) অনশন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।
আব্দুল্লাহ আল মামুন সুজন বলেন, "সিলেটের সাথে কেনো বৈষম্য করা হচ্ছে? আমাদের দাবীগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি অনশন চালিয়ে যাব। সিলেটের সকল মানুষকে অনুরোধ করছি, সবাই একজোট হয়ে সিলেটের প্রতি বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন।"
দাবিগুলো হলো:
সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্ন করা
সিলেট-ঢাকা ট্রেনের ডাবল লাইন নির্মাণ ও ট্রেন সংখ্যা বৃদ্ধি
সিলেটের উন্নয়নের জন্য বিশেষ বাজেট ঘোষণা
সিলেটে পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন
সিলেট থেকে আন্তর্জাতিক ও ডমেস্টিক রুটে বিমানের টিকেটের দাম কমানো
সিলেট বিমানবন্দরের আধুনিকায়ন কাজ দ্রুত সম্পন্ন করে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি
সিলেটের পর্যটন খাত উন্নয়নের জন্য বিশেষ বাজেট
স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন এবং কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। অনশন কর্মসূচি সিলেটবাসীর দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার প্রতি জোরালো প্রতিবাদ হিসেবে প্রকাশ পাচ্ছে।
