সিলেটের গোয়াইনঘাটে জনতার হাতে আটক নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ‘শুটার রিয়াজ’
সিলেটের গোয়াইনঘাটে জনতার হাতে ধরা পড়েছে নারায়ণগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের আলীরগ্রাম এলাকায় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় তাঁর ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসী রিয়াজুলের অবস্থান জানতে পেরে র্যাব গোয়াইনঘাট এলাকায় অভিযান চালায়। ওই সময় দুই শিশুকন্যাকে নিয়ে গাড়িযোগে আলীরগ্রামের দিকে যাচ্ছিলেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে শিশুদের একটি বাড়ির বারান্দায় রেখে পালানোর চেষ্টা করলে গ্রামবাসীর সন্দেহ হয়। পরে তাঁকে ধাওয়া করে আটক করে উত্তেজিত জনতা মারধর করেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াজুল ও দুই শিশুকে উদ্ধার করে হেফাজতে নেয়। থানায় নেওয়ার পর তাঁর আসল পরিচয় প্রকাশ পায়।
গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন বলেন, “প্রথমে বিষয়টি ভুল বোঝাবুঝি মনে হয়েছিল। তবে পরে জানা যায়, আটক ব্যক্তি আসলেই শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ।”
গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তির বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, হত্যা, খুন, অস্ত্র ও মাদকসহ প্রায় ২০টি মামলার আসামি রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ। ২০২২ সালে র্যাব-৩ তাঁকে গ্রেপ্তার করে অস্ত্র, গুলি, মোটরসাইকেল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিল।
