সিলেটে ট্রাক-মোটরসাইকেল-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত, আহত কয়েকজন
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরের মালনিছড়া চা বাগান সংলগ্ন বিমানবন্দর সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তরুণ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ফাহাদ, তিনি মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী ট্রাক ও বিপরীত দিক থেকে আসা সিএনজি সংকীর্ণ স্থানে পৌঁছালে ফাহাদের মোটরসাইকেল মাঝখানে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
দুর্ঘটনায় আহত সিএনজি আরোহীদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘাতক চালককে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।
ফাহাদের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা তার জন্য দোয়া কামনা করেন
