কুলাউড়ায় ভারতীয় পাতার বিড়িসহ যুবক আটক
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
কুলাউড়া থানার অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ পাতার বিড়িসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই ফরহাদ মাতুব্বর। তার সঙ্গে ছিলেন এসআই মোস্তাফিজুর, এএসআই মিরাজুল ও এএসআই ইমদাদুরসহ পুলিশ সদস্যরা।
এসময় দত্তগ্রামের মখলিছুর রহমানের ভূষি মালের দোকানের সামনে থেকে এক লাখ শলাকা ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ পাতার বিড়ি জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে মনোহরপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে তুহিন আহমদ (২০) কে আটক করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক মূল্য দুই লাখ টাকা।
এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(বি) ধারায় কুলাউড়া থানায় মামলা (নম্বর–৩, তারিখ: ০৩/০৯/২০২৫) দায়ের করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, “চোরাচালান ও অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”
