আজ থেকে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু, ফি কত টাকা?
শিক্ষা ডেস্ক:
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির চূড়ান্ত ভর্তি কার্যক্রম আজ রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। এই ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে তিন ধাপে নেওয়া আবেদনের ফল প্রকাশ করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত কলেজে গিয়ে ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি নিশ্চায়ন করা শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফলাফলের কপি ডাউনলোড করে নিয়ে কলেজে জমা দিয়ে ভর্তি হতে পারবেন।
ভর্তি কার্যক্রম শেষে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ফি ও সেশন চার্জ আলাদা রাখা হয়েছে। এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ঢাকার মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, অন্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকা, জেলায় ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে দেড় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ঢাকার মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা, ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা, অন্য মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলায় বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে আড়াই হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেওয়া বা টিসির মাধ্যমে ভর্তি করানো যাবে না। টিসির মাধ্যমে ভর্তির ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। নতুন একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।
