সিলেটে তথ্য-প্রযুক্তির প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

 

নিজস্ব প্রতিবেদক ::

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, “সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট চালু করা হয়েছে। শিক্ষার্থীদের ইন্টারনেটের ইতিবাচক দিকগুলো সম্পর্কে সচেতন করতে হবে এবং সাধারণ মানুষের মাঝে এর সুফল ছড়িয়ে দিতে হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নবপ্রণীত আইন, নীতি ও সংস্কার বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “আমাদের দেশে সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয়। এর মাধ্যমে ইন্টারনেটের অপব্যবহার, তথ্য চুরি ও সিস্টেমের ক্ষতি রোধ করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে তথ্য-প্রযুক্তির সুরক্ষা নিশ্চিত করা যাবে।”

তিনি আরও জানান, প্রথমবারের মতো চালু হয়েছে নাগরিক সেবা কেন্দ্র, যেখানে সাধারণ মানুষ কোন হয়রানি ছাড়াই বিভিন্ন সরকারি সেবা সহজে পাবে। আইডি আবেদন থেকে শুরু করে ইউটিলিটি বিল প্রদান পর্যন্ত নানা সেবা এখান থেকে মিলবে।

প্রশিক্ষণের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, তথ্য-প্রযুক্তি সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করতে আইসিটি কর্মকর্তাদের উদ্যোগ নিতে হবে। এজন্য নিয়মিত প্রশিক্ষণ আয়োজনের ব্যবস্থা করতে হবে।

সভায় তিনি সিলেট বিভাগের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও সমস্যা সম্পর্কে অবগত হন এবং কার্য পরিচালনায় সমস্যার সম্মুখীন হলে স্থানীয় প্রশাসনকে জানানোর আহ্বান জানান।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url