শ্রীমঙ্গলে লইয়ারকুল ব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

 

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের উপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে একটি প্রাইভেটকার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ নাজিম উদ্দিন জানান, সকাল ৬টা ৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। নিহত ব্যক্তির নাম আব্দুল গফুর শেখ (৪১)। তিনি উপজেলার মুসলিমবাগ এলাকার বাসিন্দা ও পেশায় কাপড় ব্যবসায়ী।

দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিউ পূর্বাসা এলাকার বাসিন্দা অজয় সিং (৪২)। তিনি বর্তমানে মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। অন্যজন মোঃ তানভীর হোসেন জনি, শ্রীমঙ্গল রেলগেইট এলাকার বাসিন্দা। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করছে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url