বড়লেখায় অবৈধভাবে টিলা কাটায় ১ লাখ টাকা জরিমানা
ডেস্ক রিপোর্ট
মৌলভীবাজারের বড়লেখায় টিলা কাটার দায়ে জাফরান হোসেন (৩৬) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের উত্তর ঘোলসা গ্রামের জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত জাফরান হোসেন ওই গ্রামের হাজী আব্দুল জলিলের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
অভিযান সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে টিলা কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় টিলা কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় জাফরান হোসেনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র: মানবকন্ঠ
