মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
ডেস্ক রিপোর্ট
মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রায়না বেগম (৪৮) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (১ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের সুরমা কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়না বেগম উপজেলার কবিরা গ্রামের মৃত হুরুধন মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য বাড়ি থেকে সিএনজি অটোরিকশা যোগে শাহবাজপুর বাজারে যাচ্ছিলেন রায়না বেগম। পথে রাজপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাহবাজপুর পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সূত্র: ষাটমাকন্ঠ
