দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়িচাপায় কৃষক নিহত
ডেস্ক রিপোর্ট:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচাপায় ফরিদ মিয়া (কৃষক) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
নিহত ফরিদ মিয়া দক্ষিণ সুরমা উপজেলার নৈখাই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ফরিদ মিয়া গরু চরাতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। দুপুর ২টার দিকে উপজেলা ভবনের প্রধান গেট দিয়ে প্রবেশের সময় ইউএনও ঊর্মি রায়কে বহনকারী সরকারি গাড়িটি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িচালককে আটক করে।
এ বিষয়ে ইউএনও ঊর্মি রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মোগলাবাজার থানার ওসি (তদন্ত) কাজী তবারক হোসেন বলেন, নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন। পাশাপাশি স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টাও চলছে।
অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
কালবেলা
