বড়লেখায় সিএনজি চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১

 

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি অটোরিকশা চুরির সময় গণপিটুনিতে সুমন আহমদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই ওসমানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হারিছ আলীর ছেলে। আহত জাহাঙ্গীর মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুড়িখাল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের স্বপন আহমদ খানের গ্যারেজে কয়েকজন চোর ঢুকে ৩টি সিএনজি অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্বপন আহমদ চিৎকার করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে দুইজনকে আটক করেন এবং গণপিটুনি দেন। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত জাহাঙ্গীরকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি বড়লেখায় সিএনজি অটোরিকশা চুরির ঘটনা বেড়েছে। এ কারণে অনেক এলাকায় মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, “সিএনজি অটোরিকশা চুরির সময় স্থানীয়রা দুজনকে ধরে পিটুনি দেয়। এতে একজন মারা গেছেন, অন্যজন গুরুতর আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url