ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেটে লাখো মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেটে নেমেছে লক্ষ্য মানুষের ঢল। দুপুর একটায় সুবহানিঘাট মাদ্রাসা প্রাঙ্গণ থেকে আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া বাংলাদেশ-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালির সূচনা হয়। “ঈদে মিলাদুন্নবী—চলো ঘরে ইসলামের” এই শ্লোগানে আলোকিত হয়ে ওঠে সিলেটের প্রতিটি সড়ক।
র্যালিতে অংশ নেন সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসলিম। হাতে পতাকা, কালিমা ও দরুদ লেখা ব্যানার, আর ঠোঁটে দরুদে পাক—সব মিলিয়ে নগরীর পরিবেশ রূপ নেয় এক আধ্যাত্মিক সমাবেশে। ইসলামের পতাকা হাতে শিশু, কিশোর, যুবক থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মুসল্লিদের অংশগ্রহণে সড়কজুড়ে সৃষ্টি হয় হৃদয়স্পর্শী দৃশ্য।
র্যালিটি সুবহানিঘাট থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পথে পথে সাধারণ মানুষ দাঁড়িয়ে দরুদে সালাম জানায় নবী করিম (সা.)-এর জন্মদিন উপলক্ষে এই মহামিছিলকে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি পুরো শহরজুড়ে ছিল উৎসবের আমেজ।
আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার নেতারা জানান, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দিতেই এ আয়োজন। তারা বলেন, এই র্যালি শুধু আনন্দের নয়, বরং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে ইসলামের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এক মহৎ অঙ্গীকার।
সিলেট নগরীতে লাখো মানুষের ঢল প্রমাণ করেছে—আজও মানুষ তাদের প্রিয় নবীর প্রতি ভালোবাসা ও আনুগত্যে অটল। রাস্তায় দাঁড়ানো দর্শনার্থীরাও অংশ নেন দরুদ পাঠে, যেন গোটা শহর পরিণত হয়েছিল দরুদে প্রতিধ্বনিত এক মিলনমেলায়।

