মৌলভীবাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি, নগদ ৭ লাখ টাকা ও মোবাইল ফোন লুট

 

ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজার শহরের কোট রোড এলাকায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানের টিনের চাল ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ সাত লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে শহরের কোট রোডস্থ মেসার্স আলহাজ্ব রকিব স্টোরে। দোকানের মালিক মোঃ ইসমাইল হোসেন জানান, প্রতিদিনের মতো সেদিনও তিনি দোকান বন্ধ করে বাসায় যান। পরদিন সকালে দোকান খুলতে এসে দেখতে পান সিসি ক্যামেরার তার কেটে ফেলা হয়েছে এবং ক্যাশবক্স ভাঙা অবস্থায় পড়ে আছে। এরপর তিনি বুঝতে পারেন দোকান থেকে প্রায় সাত লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন চুরি হয়ে গেছে।

চুরির ঘটনা টের পেয়ে দোকান মালিক দ্রুত মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চুরির সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, শহরের ব্যস্ততম এলাকায় এ ধরনের ঘটনা ঘটায় ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। দ্রুত চোরদের গ্রেফতার করে আইনানুগ শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।


সূত্র: মৌলভীবাজার২৪

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url