সিলেট ইবনে সিনা হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে সংঘর্ষে পাঁচজন আহত
নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরের সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রোগীর ৫ স্বজন আহত হয়েছেন। আহতরা হলেন—১) মো. শহীদুল ইসলাম (ভাই, গোলাপগঞ্জ) ২) রুবেল আহমেদ (চাচাতো ভাই, মোকামটিলা) ৩) মোস্তাকিন আহমেদ (বন্ধু, নিজ ফুলসাইন্দ) ৪) নাহিদুল ইসলাম (বন্ধু, সিলেট শহর) ৫) সাজিদ হোসেন (ভাইপো, মোকামটিলা)। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে সিলেট বিমানবন্দর সড়কে একটি ট্রাক ও দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন গোলাপগঞ্জ উপজেলার নিজ ফুলসাইন্দ মোকামটিলার তানিম আহমেদ।
প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মারা যান। তানিমের মৃত্যুতে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে তার স্বজন ও বন্ধুরা হাসপাতালে ভাঙচুর চালান। এ সময় হাসপাতালের কর্মচারীরাও সংঘবদ্ধ হয়ে পাল্টা আক্রমণ করলে সংঘর্ষ শুরু হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান, “দুই পক্ষের সংঘর্ষের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।” ইবনে সিনা হাসপাতাল লিমিটেড সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবীবুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
