মাধবকুণ্ডে দেয়াল নির্মাণে ভাঙনের হুমকিতে ১০ খাসিয়া পরিবার
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড ইকোপার্ক এলাকায় মাধবছড়ায় আরসিসি রিটেইনিং দেয়াল নির্মাণের ফলে ভাঙনের হুমকিতে পড়েছে বিপরীত তীরে বসবাসরত খাসিয়া সম্প্রদায়ের ১০টি পরিবার।
অভিযোগ রয়েছে, পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও দেয়ালটি ছড়ার মাঝ বরাবর নির্মাণ করায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে এসব পরিবারের ঘরবাড়ি ছড়াগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভুক্তভোগীদের দাবি, মাত্র ৪-৫ ফুট সরিয়ে দেয়াল নির্মাণ করলে ঝুঁকি কেটে যেত।
মাধবপুঞ্জির মান্ত্রী ওয়ানবর এলগিরি বলেন, “বনবিভাগের অপরিকল্পিত নির্মাণে বিনিং লাপাসাম, কল্পনা সারতি, প্রনতি ইয়াংইয়ুংসহ ১০ পরিবারের ঘরবাড়ি ভাঙনের মুখে। বিষয়টি বারবার বনবিভাগ ও ইউএনওকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
সিলেট বনবিভাগের আওতায় ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বনায়ন ও অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অংশ হিসেবে প্রায় পৌনে দুই কোটি টাকা ব্যয়ে ৫০০ মিটার দীর্ঘ ও ১১ ফুট উচ্চতার দেয়াল নির্মাণ হচ্ছে। তবে বিপরীত তীরে খাসিয়াদের ঘর রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বনবিভাগের সহকারী বনসংরক্ষক রেজাউল ইসলাম মৃধা বলেন, “বর্তমানে এক তীরে দেয়াল নির্মাণ হচ্ছে। অপর তীরে খাসিয়াদের ঘর রক্ষায় পরবর্তীতে গাইডওয়াল নির্মাণের প্রকল্প নেওয়া হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, “এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে সমাধান করা হবে।”
সূত্র : এখানে
