কুলাউড়ায় ছবি তুলতে গিয়ে সীমান্ত অতিক্রম, বিএসএফের হাতে আটক দুই কিশোর

 


ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় ছবি তুলতে গিয়ে ভুলে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে ভারতে প্রবেশের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) ও একই এলাকার রামানা নাইডুর ছেলে প্রসেনজিৎ নাইডু (১৬)।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, শনিবার বিকেলে দুই কিশোর মোটরসাইকেলযোগে আলীনগর সীমান্ত এলাকায় ঘুরতে যায়। একপর্যায়ে মোটরসাইকেল রেখে তারা ১,৮৪৫ নম্বর মূল সীমান্তখুঁটি অতিক্রম করে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর জেলার ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে মোবাইলে ছবি তুলতে থাকে। এ সময় বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

স্বজনরা বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট এলাকায় বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত চাইলে রাত ১১টার দিকে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর অভিবাসন তদন্ত কেন্দ্র (আইসিপি) দিয়ে দুই কিশোরকে হস্তান্তর করা হয়।

বিজিবি কর্মকর্তা জানান, আটক দুই কিশোর জানিয়েছেন যে তারা ভুলবশত সীমান্ত অতিক্রম করেছিলেন এবং বিএসএফ তাদের কোনো ধরনের শারীরিক নির্যাতন করেনি।

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার তাদের মৌলভীবাজার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url