চা-শ্রমিক গোপাল শাঁওতালের পাশে এবার কুলাউড়া উপজেলা জামায়াত

 

 নিজস্ব প্রতিবেদক :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া চা-বাগানের প্রতিবন্ধী শিশু গোপাল শাঁওতালের ভাগ্যে অবশেষে জুটছে একের পর এক সহযোগিতা। বিভিন্ন সময় প্রশাসন ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান পাশে দাঁড়ানোর পর এবার তাকে হুইলচেয়ার উপহার দিল কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামী।

বুধবার (২০ আগস্ট ২০২৫ খ্রি.) সকালে উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক আব্দুল মুনতাজিমের হাতে থেকে হুইলচেয়ার গ্রহণ করে গোপালের পরিবার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার ও স্থানীয় নেতৃবৃন্দ।

গোপাল শাঁওতাল (জন্ম: ৪ জানুয়ারি ২০২২) জন্ম থেকেই বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে। চা-শ্রমিক বাবা অনিল শাঁওতাল ও মা সঞ্চরি সাঁওতালের আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে চিকিৎসা থেকে বঞ্চিত ছিল শিশু গোপাল। মানবেতর জীবনযাপন করতে থাকা এ শিশুটির করুণ গল্প প্রথমে উঠে আসে স্থানীয় সাংবাদিক সঞ্জয় দেবনাথের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে।

ঘটনাটি দ্রুত উপজেলা প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের নির্দেশে মাত্র এক দিনের ব্যবধানে (১৬ জুন) গোপালকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়। এর মাধ্যমে শিশুটি এখন থেকে নিয়মিতভাবে সরকারি প্রতিবন্ধী ভাতা পাচ্ছে।

পরবর্তীতে জেলা প্রশাসকও (ডিসি) গোপালের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। প্রশাসনের অর্থায়নে তাকে মৌলভীবাজারের সিআরপি শাখায় তিন মাসব্যাপী চিকিৎসা, থেরাপি ও থাকা-খাওয়ার পূর্ণাঙ্গ ব্যবস্থা করা হয়।

প্রশাসনের পর এবার রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের অংশ হিসেবে জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা গোপালকে হুইলচেয়ার প্রদান করে। উপজেলা আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম বলেন

মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা গোপালের পাশে দাঁড়িয়েছি। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যদি অসহায়দের পাশে দাঁড়ায়, তবে একটি শিশুর জীবন বদলে যেতে পারে।

গোপালের পরিবার সন্তোষ প্রকাশ করে বলেন

আমাদের ছেলে এতদিন বিছানায় পড়ে থাকত। এখন অন্তত চেয়ারে বসে চলাফেরা করতে পারবে। যারা সাহায্য করছেন—প্রশাসন হোক বা রাজনৈতিক সংগঠন আমরা সবার প্রতি কৃতজ্ঞ।

এখন গোপালের পাশে রয়েছে সরকার, সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন। এক করুণ বাস্তবতা থেকে উঠে আসা এই গল্প প্রমাণ করে দিয়েছে—সামাজিক মাধ্যমে একটি সচেতন পোস্টও বদলে দিতে পারে অসহায় কারো জীবন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url