কুলাউড়ায় গৃহবধূর গালে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নিল বখাটে, আটক ১
নিজস্ব প্রতিবদক:
মৌলভীবাজারের কুলাউড়ায় এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে দুই বখাটের বিরুদ্ধে।
গৃহবধূর পিতা বাদী হয়ে গত ৭ আগস্ট কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ওইদিন রাত সাড়ে ৯টার দিকে কুলাউড়া পৌরসভার লস্করপুর এলাকার ফুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
তোফায়েল হোসেন টিটু (৩০) নামের এক যুবক গৃহবধূকে জোরপূর্বক টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে তিনি গৃহবধূকে এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে টিটু গৃহবধূর বাম গালে কামড় দিয়ে মাংস ছিঁড়ে ফেলেন। এতে গুরুতর রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় ফুল মিয়া নামের অপর এক ব্যক্তি গৃহবধূকে কিল-ঘুষি ও লাথি মারেন। পরে তারা পালিয়ে যান।
স্থানীয় লোকজন আহত গৃহবধূকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পৌর শহরের ৮নং ওয়ার্ডের বাদেমনসুর এলাকার বাবুল মিয়ার মেয়ে।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তোফায়েল হোসেন টিটুকে গ্রেপ্তার করা হয়েছে।”
