কুলাউড়ায় জমি-সংক্রান্ত বিরোধে বাড়িছাড়া প্রবাসীর পরিবার

 


নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলিতে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর পরিবার হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (২৭ আগস্ট) বিকেলে কুলাউড়ায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী মনোয়ারা বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত থাকায় সুযোগ বুঝে প্রতিপক্ষ মহল অন্যায়ভাবে তাদের জমি দখলের চেষ্টা করছে। এ নিয়ে চলতি বছরের ৩০ মার্চ বিকেলে আদালতে জমি-সংক্রান্ত মামলার কাজ শেষে বাড়ির পাশে ফেরার সময় প্রতিপক্ষ জয়নাল মিয়া, আব্দুর রহমান ও শফিক মিয়াসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়।

মনোয়ারা বেগম জানান, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে তার গলা থেকে ৮০ হাজার টাকার স্বর্ণের চেইন, ব্যাগে থাকা নগদ ৪০ হাজার টাকা ও সাথে থাকা দুজনের মোট ৬০ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্রও লুটে নেয় তারা।

তিনি আরও জানান, তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাড়িছাড়া জীবনযাপন করছেন।

সংবাদ সম্মেলনে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তাকে হত্যার পর লাশ গুম করার ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনদের জানালেও কোনো সমাধান মেলেনি। অবশেষে তিনি কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযুক্তদের বক্তব্য জানতে মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url