সিলেটের ১৩ এসআইসহ ৩৫ পুলিশ সদস্য বদলি
নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলায় ১৩ জন উপপরিদর্শক (এসআই), ৭ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ২ জন কনস্টেবল ও ১৩ জন ড্রাইভারসহ মোট ৩৫ পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি কার্যকর করা হয়।
বদলির বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমান বলেন, “এটি স্বাভাবিক বদলিরই একটি অংশ। এখানে শুধু গোয়াইনঘাট কিংবা কোম্পানীগঞ্জ নয়, জেলার একাধিক থানা ও ইউনিটের সদস্যরাও আছেন।”
জেলা পুলিশ সূত্রে জানা যায়, বদলি হওয়া সদস্যদের মধ্যে কোম্পানীগঞ্জ থানার ৭ জন, গোয়াইনঘাট থানার ৭ জন, বালাগঞ্জ থানার ২ জন, ফেঞ্চুগঞ্জ থানার ২ জন, বিয়ানীবাজার থানার ২ জন, গোলাপগঞ্জ থানার ১ জন, গোলাপগঞ্জের কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের ২ জন ও জেলা পুলিশ লাইনের মোটরযান শাখার ১২ জন ড্রাইভার রয়েছেন।
এর আগে সিলেটের সাদাপাথর ও জাফলং এলাকায় অবাধ পাথর লুটপাটের ঘটনা গণমাধ্যমে প্রকাশ পেলে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিষয়টি তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসন, মন্ত্রিপরিষদ বিভাগ ও সিআইডি। গত ১৩ আগস্ট সাদাপাথরে অভিযানে নামে দুদক। তাদের প্রাথমিক প্রতিবেদনে পাথর লুটের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের ৪২ জন প্রভাবশালী ব্যক্তি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিজিবির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। বিশেষ করে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যদের সিন্ডিকেটে জড়িত থাকার তথ্য উঠে আসে।
তবে বিভিন্ন সূত্র দাবি করছে, সাম্প্রতিক এই বদলি মূলত পাথর লুটপাটের ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতার কারণেই হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানার আরও কিছু কর্মকর্তার বদলি হতে পারে বলেও জানা গেছে।
-আজকের পত্রিকা
